প্রিন্ট এর তারিখঃ Apr 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 9, 2026 ইং
আবু সাঈদ হত্যা মামলায় রায়: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

আবু সাঈদ হত্যা মামলায় রায়: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন
অনলাইন ডেক্স রিপোর্ট
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ (আইসিটি-২) বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) রায় ঘোষণা করেছে।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। মামলায় মোট ৩০ জন আসামির মধ্যে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ড প্রাপ্ত:
সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। আদালত তাদের সরাসরি গুলি চালানোর অভিযোগ প্রমাণিত বলে রায়ে উল্লেখ করেছে।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত:
সাবেক সহকারী কমিশনার মো. আরিফুজ্জামান (ওরফে জীবন), সাবেক তাজহাট থানার ওসি রবিউল ইসলাম (ওরফে নয়ন) এবং বেরোবি ক্যাম্প ইনচার্জ (নিরস্ত্র এসআই) বিভূতি ভূষণ রায় (ওরফে মাধব)।
বাকি আসামিদের মধ্যে কয়েকজনকে ১০ বছরসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী (ওরফে আকাশ)সহ অন্যরা রয়েছেন।
মামলায় বেরোবির তৎকালীন উপাচার্য মো. হাসিবুর রশীদসহ ২৪ জন পলাতক রয়েছেন। গ্রেপ্তার ছয় আসামিকে রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Shariatpur Express 24